ফের 'আয়রন ম্যান' এর হদিশ কাটোয়ায়
দি নিউজ লায়ন; ভ্যাকসিন নিতেই শরীরে তৈরি হচ্ছে চৌম্বকক্ষেত্র। আর চুম্বক টেনে নিচ্ছে ধাতব বস্তুকে। গায়ে সেঁটে থাকছে চামচ, হাতা, কয়েন। সম্প্রতি এমন ঘটনা সামনে আসে। ঘটনায় এখন হইচই কাণ্ড চলছে। কি কারনে মানবশরীরে হঠাৎ এমন লোহাকে আকর্ষণ করার ক্ষমতা চলে এল তার কারন খুঁজতেই ব্যস্ত সকলেই। এই পরিস্থিতিতে ফের এমন 'আয়রন ম্যান' এর হদিশ মিলেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। কিন্তু এবার তার রহস্য ফাঁস হয়েছে।
জানা যায়, চলতি মাসের ১ তারিখে কোভিড ভ্যাকসিন নেন কাটোয়া শহরের কলেজ পাড়ার বাসিন্দা সমীর দাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে আয়রনম্যানের খবর দেখে তিনিও পরখ করে দেখেন তার শরীর লোহাকে আকর্ষণ করছে কিনা। বাড়ির লোকজনদের সামনেই সমীরবাবু দেখেন তার পিঠেও আটকে যাচ্ছে একের পর এক লোহার দ্রব্য।কয়েন থেকে হাতা খুন্তি চামচ সহ মোবাইল সবই টেনে ধরে আছে সমীরবাবুর দেহ।তারপরেই প্রতিবেশীরাও খবর পান। তারা ঘটনাটি দেখতে আসেন।
এরপর প্রতিবেশীদের কয়েকজন আগ্রহী হয়ে সমীরবাবুর শরীরে পাউডার মাখিয়ে দেন। তারপরেই পর্দাফাঁস। সমীরবাবুর পাউডার মাখানো শরীরে আর সামান্য একটা কয়েনও লেগে থাকতে দেখা গেল না। কার্যত পর্দাফাঁস হল আয়রন ম্যান রহস্যের। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্যকমিটির সদস্য জয়ন্ত সরকার বলেন, "বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। গরমে শরীরে ঘাম ঘাম ভাব থাকে। তার ফলে স্বাভাবিকভাবেই চিটচিটে ভাব থাকে। এই কারনেই পাতলা ধাতব কোনও বস্তুর তলদেশ আটকে যায় শরীরে। এর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই।"

Post a Comment